বিটিআরসির অনুমতি নিয়ে ফেব্রুয়ারির মধ্যে চালু হচ্ছে আরও চারটি দেশি অ্যাপ। এগুলোর মাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলতে পারবে ব্যবহারকারীরা। অ্যাপ সংযোগগুলো হলো আম্বার আইটি লিমিটেড, বিডিকম অনলাইন লিমিটেড, মেট্টোনেট বাংলাদেশ এবং লিংক থ্রি টেকনোলজি লিমিটেড।
হোয়াটসঅ্যাপ-ভাইবারের মতো অ্যাপগুলোতে শুধু ইন্টারনেটে অ্যাপ থেকে অ্যাপে কথা বলা যায়। কিন্তু ইন্টারনেটভিত্তিক টেলিফোন বা আইপি টেলিফোনের অ্যাপে সাধারণ মোবাইল নেটওয়ার্কে বা ল্যান্ডলাইনে কথা বলা যাবে। এ অ্যাপে ইন্টারনেট, সাধারণ মোবাইল নেটওয়ার্ক বা ল্যান্ডফোন যেকোনো মাধ্যমে কথা বলার সুবিধা রয়েছে। আর এই আইপি ফোন থেকে আইপি ফোনে কথা বলতে কোনো খরচ লাগে না। অ্যাপগুলোর মাধ্যমে প্রতি মিনিট ৩০ থেকে ৪০ পয়সায় কথা বলা যাবে।
এদিকে, চালু থাকা ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে যেকোনো মোবাইল বা ল্যান্ড নম্বরে ৩০ পয়সা প্রতি মিনিটে কথা বলা যাচ্ছে। এতে ১ সেকেন্ড পালসও রয়েছে।
দেশে এখন আইপিটিএসপি সেবার জন্য ৪১ প্রতিষ্ঠানের লাইসেন্স রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আইপিটিএসপিগুলো আনুষ্ঠানিকভাবে অ্যাপে ভয়েস কল সেবা দিতে শুরু করলে অপারেটরগুলোর রাজস্বে প্রভাব পড়বে।