জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বিরোধী দলের সহিংসতা নয়, দেশ ও জনগণের কথা বলতেই সংসদে শক্তিশালী বিরোধী দল হতে চায় জাতীয় পার্টি (জাপা)। তিনি বলেন, সংসদ পরিচালনায় যেন কোনো ঘাটতি না থাকে সে কথা বিবেচনা করেই জাতীয় পার্টি আলাপ-আলোচনার মাধ্যমে প্রধান বিরোধী দলের ভূমিকা রাখবে।
গতকাল শনিবার দুপুরে দলের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সংসদীয় দল ও প্রধান বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করবেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। দলীয় চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পালন করব আমি (জি এম কাদের)।’
দলের কো-চেয়ারম্যান বলেন, মন্ত্রিপরিষদে জাতীয় পার্টির কোনো সদস্য থাকবে না। দেশের স্বার্থে যেকোনো সংস্কার ও সংশোধনে জাতীয় পার্টি ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, স্পিকারের সঙ্গে সময় নির্ধারণ করে হুসেইন মুহম্মদ এরশাদ দ্রুতই সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভ রায়, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, সোলায়মান সামি, রেজাউল করিম, আবু নাসের বাদল, জেসমিন নুর প্রিয়াংকা, আবদুস সাত্তারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।