বরিশালের মেঘনা নদীতে চরে আটকা লঞ্চকে আরেকটি লঞ্চের ধাক্কায় সাকিব (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, অ্যাডভেঞ্চার নামের একটি লঞ্চ বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল। রাত দেড়টায় মেহেন্দীগঞ্জ উপজেলার চাঁদপুর সীমান্তবর্তী এলাকায় লঞ্চটি চরে আটকে যায়।
কুয়াশার কারণে দেখতে না পেয়ে সুন্দরবন- ৬ লঞ্চ পেছন থেকে আটকে থাকা অ্যাডভেঞ্চার লঞ্চকে ধাক্কা দেয়। এতে ইঞ্জিন রুমের কাছে বসে থাকা সাকিব লোহার অ্যাঙ্গেলে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নুর মোহাম্মদ নামে আরো একজন আহত হন।
অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক নিজাম উদ্দিন জানান, ঢাকা থেকে বরিশালগামী অ্যাডবেঞ্চার-১ ভোরের দিকে হতাহতদের উদ্ধার করে বরিশাল নিয়ে আসে। আহত নুর মোহাম্মদকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার বাড়ি সদর উপজেলার চর কাউয়া ইউনিয়নে।
নিহত সাকিবের বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলায়।