নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার ভোররাতে পার্শ্ববর্তী ফেনী জেলা থেকে আসামি সালাহউদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। এনিয়ে আটজনকে গ্রেপ্তার করা হলো।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে তোলা হবে।
ভিকটিম জানান, গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় ভোটকেন্দ্রেই দলবল নিয়ে চরজব্বার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন তাকে রাতে দেখে নেবে বলে হুমকি দেয়। রাতে ঘুমিয়ে পড়ার পর ১০টার দিকে রুহুল আমিন পুলিশ এসেছে বলে তার স্বামীকে ডাক দেয়।
তিনি বলেন, দরজা খোলার পর আওয়ামী লীগকর্মী সোহেল, আবু, বেচু, হেঞ্জু, মোশাররফ, সালাউদ্দিন, চৌধুরী, সোহাগ, সোহেল ও আরও কয়েকজন ঘরে ঢুকে তার স্বামী, ছেলে ও মেয়েকে বেঁধে ফেলে। পরে একে একে সবাই তাকে ধর্ষণ করে।
বাড়ির লোকজন ওই নারীকে মুমূর্ষু অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান।
ঘটনার পরদিন ৩১ ডিসেম্বর ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে চরজব্বর থানায় গৃহবধূর স্বামী মামলা করেন।