মাধবীলতা ফেরি বিকল দৌলতদিয়া-পাটুরিয়ায় পারাপার ব্যাহত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের একটি ফেরি চার দিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। মাধবীলতা নামক এই ফেরিটি বিকল থাকায় ব্যাহত হচ্ছে যানবাহন পারাপার।

বিআইডব্লিউটিসি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম গতকাল রবিবার জানান, এ পথে বিভিন্ন ধরনের মোট ১৭ ফেরি বরাদ্দ রয়েছে। এর মধ্যে সাতটি বড় আকৃতির, ছয়টি ইউটিলিটি, দুটি কে টাইপ ও একটি মাঝারি আকারের ফেরি চালু রয়েছে। মেরামতের অপেক্ষায় গত চার দিন পাটুরিয়ার ভাসমান ওয়ার্কশপ মধুমতীতে পড়ে আছে ইউটিলিটি ফেরি মাধবীলতা।

বিআইডব্লিউটিসির হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় এ পথ দিয়ে ছোট-বড় দুই হাজার চারশোর বেশি যানবাহন চলাচল করেছে। তবে ঘন কুয়াশার কারণেও প্রতিনিয়ত যাত্রী ও সংশ্লিষ্টদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কুষ্টিয়া থেকে চালবোঝাই করে আসা ট্রাকের চালক হাসেম আলী জানান, তিনি গত বৃহস্পতিবার বিকেলে দৌলতদিয়ায় এসে সিরিয়ালে আটকা পড়েছেন। শুক্রবার বিকেল গড়িয়ে গেলেও ফেরির নাগাল পাননি। অথচ দালাল ধরে ট্রাফিক পুলিশের সহায়তায় রাতে অনেক গাড়ি সরাসরি ফেরিতে উঠে যায় বলে তিনি অভিযোগ করেন।

দৌলতদিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর নাজমুল হোসেন জানান, গত বৃহস্পতিবার সেনাবাহিনী ও বিজিবির একশোর বেশি গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করা হয়েছে। তারা দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় নির্বাচনী দায়িত্ব শেষে ঢাকায় ফিরছিলেন। তা ছাড়া নির্বাচনের পর অসংখ্য মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। যে কারণে ঘাটে বাড়তি চাপে যানবাহন আটকে পড়ছে। তিনি বলেন, অবৈধ সুবিধা দিয়ে কোনো যানবাহন পার হচ্ছে না।