দেশের বিভিন্ন স্থানে গতকাল রবিবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। এর মধ্যে নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত হয়েছেন মা ও ছেলে। চাঁপাইনবাবগঞ্জে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় প্রাণ হারিয়েছে শিশু। পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কায় মৃত্যু হয়েছে যুবকের। সাতক্ষীরায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন এক নারী দিনমজুর। প্রতিনিধিদের পাঠানো খবর
নেত্রকোনা : নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল রবিবার নেত্রকোনা-মদন সড়কের গদাইকান্দায় ঘটনাটি ঘটে।
নেত্রকোনা সদর মডেল থানার ওসি মো. বোরহানউদ্দিন খান বলেন, নিহত মা তানিয়া আক্তার (৩০) ও তার ছেলে মোমেন (৬) আটপাড়া উপজেলার মির্জাপুরের হাবিবুর রহমানের স্ত্রী ও সন্তান। ঘটনায় আহত শিশু হাবিবার (১২) অবস্থা গুরুতর। ওসি বলেন, নেত্রকোনা থেকে অটোরিকশাটি আটপাড়ার দিকে যাওয়ার পথে গদাইকান্দায় একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সেখানেই মারা যান তানিয়া। নেত্রকোনা হাসপাতালে তার ছেলে মোমেনকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ : গোমস্তাপুর উপজেলার হোগলা এলাকায় বাসচাপায় ইব্রাহিম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। ইব্রাহিম হোগলা গ্রামের আনারুল ইসলামের ছেলে। গতকাল সকালে ঘটনাটি ঘটে।
গোমস্তাপুর থানার ওসি জসিমউদ্দীন জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় একটি মক্তব থেকে বাড়ি ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশু মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার এবং বাসের চালককে আটক করে।
পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়া বুড়াবুড়ি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক যুবক মারা গেছেন। গতকাল এ ঘটনা ঘটে। নিহত মোতালেব (১৮) উপজেলার ভজনপুর এলাকার রবিউল ইসলামের ছেলে। মোটরসাইকেলে থাকা অন্য দুই আরোহী মাসুদ রানা (১৭) ও হায়দার আলী (১৭) গুরুতর আহত হয়েছেন।
তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক এনামুল হক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, মোতালেব বুড়াবুড়ি থেকে মোটরসাইকেলে করে ভজনপুর বাজারে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের তিন আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোতালেবকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা : সাতক্ষীরার বাঙালের মোড়ে গতকাল দ্রুতগামী ট্রাকের চাপায় দিনমজুর নারী নিহত হয়েছেন। মনোয়ারা খাতুন (৪০) শ্যামনগরের গোবিন্দপুরের মোহর আলী সরদারের মেয়ে। তিনি দিনমজুরের কাজ করতেন।
সাতক্ষীরা সদর থানার এসআই ইউসুফ হোসেন বলেন, ট্রাকটি কালিগঞ্জের দিক থেকে সাতক্ষীরায় আসছিল। বাঙালের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে এটি মনোয়ারাকে চাপা দেয়। ট্রাকচালক পালিয়ে গেলেও তার সহকারীকে আটক করা হয়েছে।