তদবির ঠেকাতে এনটিআরসিএ চেয়ারম্যানের বিজ্ঞপ্তি

নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে শুরু হওয়া তদবির বন্ধে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্র্তৃপক্ষ (এনটিআরসিএ)। গতকাল রবিবার সংস্থার ওয়েবসাইটে ‘নিয়োগ প্রার্থীদের প্রতি অনুরোধ’ শীর্ষক বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এতে নিয়োগপ্রত্যাশী ও প্রভাবশালীদের তদবির না করার জন্য অনুরোধ জানিয়েছেন চেয়ারম্যান আশফাক হুসেন।

তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই প্রচুর তদবির আসছে। কিন্তু তদবির করে তো কোনো লাভ নেই, এগুলো আমার হাতে নেই। সবই সফটওয়্যার করবে।’

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগ প্রার্থীরা আবেদনের শেষ দিন থেকেই বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে এনটিআরসিএ চেয়ারম্যানকে প্রভাবিত করার চেষ্টা করছেন। নিয়োগের সুপারিশ প্রণয়নের কার্যক্রমটি সম্পূর্ণ স্বচ্ছ এবং মনুষ্য প্রভাবমুক্ত কম্পিউটারচালিত স্বয়ংক্রিয় প্রক্রিয়া। যেখানে মানুষ চাইলেও কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। কম্পিউটারই মেধাক্রম অনুসারে নিয়োগের তালিকা দেবে। সে হিসেবেই নিয়োগে সুপারিশ করা হবে এবং তা প্রার্থীরা নিজে দেখতেও পারবেন। তাই এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। অহেতুক তদবির করা থেকে বিরত থাকতে বিজ্ঞপ্তিতে নিয়োগপ্রত্যাশীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।