ঘরের মাঠে সোসিয়েদাদের কাছে রিয়ালের হার

স্রোতের বিপরীতে খেই হারালেন সবাই। তার উপর আবার ভাসকেসের লালকার্ডে দল হয়ে যায় দশজনের। লা লিগায় বিব্রতকর এক দিনে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নিজেদের মাঠে ০-২ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ।

গত ১৫ বছরে লা লিগায় সান্তিয়াগো বের্নাবেউয়ে এই প্রথম জয় পেল সোসিয়েদাদ। রিয়াল টানা দুই ম্যাচে জয়হীন। আগের ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ‘ড্র’ করেছিল দলটি।

এদিন ম্যাচের তৃতীয় মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। পেনাল্টি থেকে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান জোসে। মিকেল মেরিনোকে ডি-বক্সে কাসেমিরো ফাউল করায় পেনাল্টি পায় সোসিয়েদাদ।

০-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে মুখ থুবড়ে পড়ে দলটি। ৬১তম মিনিটে মেরিনোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ভাসকেস।

এরপর ৮৩তম মিনিটে দ্বিতীয় গোল হজম করতে হয় তাদের। রুবেন পার্দো হেড করে জাল খুঁজে নেন।

ইনজুরি থাকায় রিয়াল এদিন গ্যারেথ বেলকে খেলাতে পারেনি। তিনি না থাকায় কাউন্টার অ্যাটাকে দারুণ ভুগতে দেখা গেছে সোলারির দলকে।

 ১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে রিয়াল। ২২ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে উঠে এসেছে সোসিয়েদাদ।

৪০ পয়েন্ট নিয়ে বার্সা শীর্ষে। আতলেতিকো মাদ্রিদ ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৩। চতুর্থ স্থানে উঠে আসা আলাভেসের পয়েন্ট ৩১।