গাইবান্ধার সাদুল্লাপুরে পুলিশের সঙ্গে ডাকাত দলের কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় ছামিউল ইসলাম (৩৮) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার বনগ্রাম ইউনিয়নের ইউসুফপুর গ্রামে রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল ও কনস্টেবল মোজাফফর হোসেন আহত হন। তাদের উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ছামিউল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে দেশ রূপান্তরকে জানান সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক।
ওসি বলেন, ডাকাতির প্রস্তুতিকালের খবর পেয়ে অভিযান চালাতে গেলে ছয় থেকে সাতজনের একটি ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
পরে ঘটনাস্থল থেকে ছামিউল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। অন্য ডাকাতরা পালিয়ে গেছে। এ সময় ডাকাতদলের ঢিলের আঘাতে দুই পুলিশ আহত হয়।
আটক ছামিউল ইসলাম সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত কবেজ উদ্দিনের ছেলে।