চতুর্থ দিন স্কুলে যাওয়ার পথে সড়কে পিষ্ট আশিক

স্কুলে যাওয়া হলো না শিশু আশিক ইকবালের (৫)। স্কুলে পৌঁছানোর আগেই দুটি বেপরোয়া ইঞ্জিনভ্যানের মাঝখানে পড়ে মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় ইঞ্জিনভ্যান দুটির চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। মাত্র তিন দিন আগেই ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছিল আশিক।

আশিক ইকবাল গদাইপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের সামনের রাস্তা পার হওয়ার সময় দুটি বেপরোয়া ইঞ্জিনভ্যানের মাঝখানে পড়ে চাকায় পিষ্ট হয় আশিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এদিকে, এই হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।