কোহলিদের অভিনন্দন জানিয়ে ট্রলের শিকার প্রীতি জিনতা

এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়েছে ভারত। সোমবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট ড্র হতেই ২-১ এ সিরিজ নিশ্চিত হয় ভারতের।

দারুণ এই অর্জনের পর সব মহল থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছে বিরাট কোহলির দল। বলিউড অভিনেত্রী ও আইপিএল দল কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিনতাও যোগ দেন সেই দলে।

কিন্তু কোহলির দলকে অভিনন্দন জানিয়ে বড্ড বিপাকে পড়ে গেছেন প্রীতি। হতে হচ্ছে ট্রলের শিকার।

অবশ্য এমন পরিণতি ডেকে এনেছেন প্রীতি নিজেই। টুইট করতে গিয়েই যে ভুল করে বসেছেন ভারতীয় সুন্দরী। লিখেছেন, ‘‘এশিয়ার প্রথম দল হিসেবে টেস্ট ম্যাচ জেতায় নীল (ভারতীয় ক্রিকেট দল) ছেলেদের অভিনন্দন।’’

কিন্তু এশিয়ার প্রথম দল হিসেবে টেস্ট ম্যাচ নয়, আসলে অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ার প্রথম দল হিসেবে ভারতীয় দল জিতেছে টেস্ট সিরিজ। কিছু ভক্ত প্রীতির এই ভুলটা ধরিয়ে দিয়েছেন শুধু। কিন্তু কিছু ভক্ত এ নিয়ে উপহাস করেছেন রীতিমতো।

একজন যেমন লিখেছেন, ‘‘অল্প জ্ঞান খুবই মারাত্মক। প্রথম দল হিসেবে টেস্ট ম্যাচ জয় নায় ম্যাডাম। টেস্ট সিরিজ জয়। টেস্ট ম্যাচ অনেক আগেই জেতা হয়ে গেছে।’’

১৯৪৭-৪৮ সাল থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলে আসছে ভারত। কিন্তু কখনোই পারেনি সিরিজ জয় করতে। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। ভারতীয় দলের মতো অধিনায়ক হিসেবে কোহলিও হলো অনন্য কীর্তি। এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে জিতলেন টেস্ট সিরিজ।