গায়ক হিসেবে হৃদয় খান বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছেন অনেক আগেই। তারিন ও তিশার বিপরীতে নাটকেও অভিনয় করেছেন তিনি। এবার এলেন পরিচালনায়। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশের জন্য একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেন হৃদয় খান। নাম চূড়ান্ত না হওয়া ওই স্বল্পদৈর্ঘ্যে হৃদয় খান নিজেও অভিনয় করেছেন। চমক রেখেছেন সহশিল্পী নির্বাচনে। যুক্তরাষ্ট্র প্রবাসী জনিপ্রয় মডেল ও অভিনেত্রী মোনালিসাকে নিলেন নায়িকার চরিত্রে। ২৫ মিনিট ব্যাপ্তির এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শ্যুটিং হয়েছে নিউইয়র্কে। এর গল্পে দেখা যাবেÑ একজন তরুণ একটা জায়গায় আটকে থাকে। সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে নানা ঘটনা ঘটতে থাকে। এরপর ঘটবে নানা চমক।
হৃদয় খান বলেন, ‘ছোটবেলা থেকেই ভিডিওগ্রাফির প্রতি আমার দুর্বলতা। গান করার আগে থেকে কিন্তু ভিডিওগ্রাফি করি। তবে সেটা কখনোই পেশাদারভাবে করিনি। ভিডিও সম্পাদনা, কালার গ্রেডিংয়ের কাজও করেছি টুকটাক। এবার সুযোগ এসেছে তাই কাজটি করে ফেললাম। তবে কাজটা অনেক কঠিন। নিজে অভিনয় এবং পরিচালনা করাটা আরও কঠিন।’