বিকল্প বিনিয়োগ তহবিলে কর অবকাশ সুবিধা চায় বিডা

তরুণ ও নতুন উদ্যোক্তাদের অর্থায়নের বিকল্প উৎস হিসেবে ভেঞ্চার ক্যাপিটালের সম্ভাবনা রয়েছে। তবে এ ক্ষেত্রে ভেঞ্চার ক্যাপিটাল গঠনে একটি বড় বাধা হচ্ছে আরোপিত কর ও স্ট্যাম্প ডিউটি। এ খাতের বিকাশে ও বিকল্প অর্থায়নের সুযোগ তৈরি করতে ভেঞ্চার ক্যাপিটালসহ বিকল্প বিনিয়োগ স্কিমের মতো প্রতিষ্ঠানগুলোকে ১০ বছরের কর অবকাশের সুবিধা দেওয়ার পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

গতকাল জাতীয় রাজস্ব বোর্ডে এ ধরনের প্রতিষ্ঠানের জন্য কর অবকাশ সুবিধা দেওয়ার পরামর্শ দিয়ে চিঠি পাঠিয়েছে বিডা। একই সঙ্গে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) চিঠি দিয়ে বাংলাদেশে ভেঞ্চার ক্যাপিটাল উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিতে পারে বলে চিঠিতে জানিয়েছে বিডা।   

বিভিন্ন সংস্থায় পাঠানো বিডার চিঠিতে উল্লেখ করা হয় যে, তরুণ ও নতুন উদ্যোক্তাদের পুঁজি সংগ্রহের বড় উৎস হিসেবে ভেঞ্চার ক্যাপিটাল গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। কিন্তু এ খাতে বিনিয়োগে রয়েছে শুল্কসহ বিভিন্ন প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা দূর করতে পারলে এ ক্ষেত্রে বিশাল বিনিয়োগ আসতে পারে বলে মনে করছে বিডা। এজন্য বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে দেশের আর্থিক খাতের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে চিঠি দেয় বিডা। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিডা।

জাতীয় রাজস্ব বোর্ডকে পাঠানো চিঠিতে বিডা জানায়, বিশ্বব্যাপী ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুয়িটি প্রতিষ্ঠানগুলো লাভজনক অবস্থায় আসতে গড়ে প্রায় ১০ বছর সময় প্রয়োজন হয়। এ ক্ষেত্রে ছয় থেকে সাত বছর পর অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজারস (এআইএফএম) বা বিকল্প বিনিয়োগ অর্থায়নে সংশ্লিষ্ট কোম্পানিগুলো তাদের ব্যয় নির্বাহের ক্ষমতা অর্জন করে। এ সময়ে কোম্পানির আয়ের ওপর আরোপিত কর তাদের প্রসারে বাধার সৃষ্টি করবে।

এজন্য ভেঞ্চার ক্যাপিটালসহ বিকল্প বিনিয়োগ তহবিলসংক্রান্ত কোম্পানিগুলোকে ১০ বছরের জন্য কর অব্যাহতি প্রদান করা যেতে পারে।

এ ক্ষেত্রে বলা হয়, বিকল্প বিনিয়োগ তহবিলে ব্যক্তি উদ্যোক্তাগণের বিনিয়োগ সম্প্রসারিত ও এআইএফএম শিল্প প্রসারে ইনসিওরেন্স, মিউচুয়াল ফান্ড, পেনশন ফান্ড, দাতব্য সংস্থা ইত্যাদিতে বিনিয়োগকারীদের যে ধরনের কর অবকাশ দেওয়া হয়, ঠিক একই ধরনের করসুবিধা বিএসইসির এআইএফ বিধিমালায় উল্লিখিত উচ্চ সম্পদধারী ব্যক্তি (এইচএনআই) বিনিয়োগকারীদেরও কর অবকাশ দেওয়া যেতে পারে। এ ছাড়া সামষ্টিক বিনিয়োগ তহবিল বা মিউচুয়াল ফান্ডের জন্য স্ট্যাম্প বাবদ যে কর সুবিধা দেওয়া হয়, সেটি বিকল্প বিনিয়োগ তহবিলের জন্য রাখা যেতে পারে বলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে চিঠি দিয়ে জানিয়েছে বিডা।

বিনিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের সহায়তার লক্ষ্যে বিএসইসিতে নিবন্ধিত অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড (এআইএফ) বা বিকল্প বিনিয়োগ তহবিলের পরিচালকদের বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডেটাবেইস ব্যবহারের সুযোগ দেওয়া যেতে পারে।

এ ছাড়া ট্রাস্ট অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় অন্তর্ভুক্তির মাধ্যমে বিকল্প বিনিয়োগ তহবিলে ট্রাস্ট ফান্ড ব্যবহারের সুযোগ হবে বলে জানায় বিডা। এ ছাড়া বিকল্প বিনিয়োগ তহবিলে বিমা কোম্পানির বিনিয়োগ হলে সেসব তহবিলের সক্ষমতা বাড়বে, যা উদ্ভাবনী উদ্যোক্তা সৃষ্টি করে কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধিতে সহায়তা করবে।