রাজধানীর ডেমরায় নিখোঁজ শিশু নুশরাত (৫) ও ফারিয়া আক্তারের (৪) লাশ উদ্ধার হয়েছে এলাকার একটি সাততলা ভবনের নিচতলা থেকে। গতকাল সোমবার দুপুর থেকে তারা নিখোঁজ ছিল; রাত ১০টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাদের মৃত্যুর কারণ জানা যায়নি; মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত নুশরাত একই এলাকার পলাশ মিয়ার ও ফারিয়া ফরিদুলের মেয়ে।
দুই শিশুর লাশ পাওয়ার খবরে নাসিমা ভিলা নামের ওই সাততলা ভবনের আশপাশে শত শত মানুষ ভিড় করে। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি বলে দেশ রূপান্তরকে জানান ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি।’
স্থানীয়রা জানান, ডেমরার কোনাপাড়ার শাহজালাল রোডে রুস্তম আলীর সাততলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। ভাড়াটিয়া মোস্তফা পলাতক রয়েছেন। ফারিয়ার মা পারভিন আক্তার বলেন, ‘দুপুরে দুজন খেলছিল। রাতে লাশ উদ্ধারের খবর পাই।’ কোনাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম বলেন, স্বজনরা তাদের খোঁজ চেয়ে বিকেলে এলাকায় মাইকিংও করে। একপর্যায়ে নাসিম ভিলার নিচতলার এক কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ওয়ারী জনের সহকারী কমিশনার ইফতেখাইরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, শিশু দুটির মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তে জানা যাবে।