বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্টিভ স্মিথের কুমিল্লার বিপক্ষে টস জিতে বোলিং বেছে নিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৫টা ২০ মিনিটে। এ ম্যাচে রংপুরের একাদশে রয়েছেন ক্রিস গেইল।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র সময় মতো না পৌঁছায় রংপুরের হয়ে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি গেইল। ক্যারিবিয়ান তারকাকে একাদশে জায়গা করে দিতে বাদ পড়তে হয়েছে অ্যালেক্স হেলসকে।
আসরে নিজেদের প্রথম দুই ম্যাচের একটিতে জয় ও একটিতে হার রংপুরের। নিজেদের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের কাছে ৩ উইকেটে হেরেছিল রংপুর। তবে খুলনার বিপক্ষে পরের ম্যাচেই জয় তুলে নেয় দলটি।
অন্যদিকে স্মিথ-তামিম ইকবালদের কুমিল্লা এক ম্যাচ খেলে জিতেছে একটিতেই। সিলেট সিক্সার্সকে হারিয়ে আসর শুরু করেছে তারা।
রংপুর ও কুমিল্লা দুই দলই এবার তারায় ভরা। তার উপর গতবারের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। বৃষ্টি বিঘ্নিত বিতর্কিত ম্যাচটিতে কুমিল্লাকে হারিয়ে ফাইনালে পা রাখে রংপুর। এবারো দুই দলের মুখোমুখি লড়াইয়ে সেই ম্যাচ ঘুরে ফিরে আসছে। ম্যাচ শুরুর আগেই তাই দর্শকদের মধ্যে এই ম্যাচ উত্তাপ ছড়াচ্ছে।
রংপুর রাইডার্স :
রাইলি রুশো, ক্রিস গেইল, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সোহাগ গাজী, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম।
কুমিল্লা একাদশ:
তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মেহেদি হাসান, শোয়েব মালিক, এনামুল হক (উইকেটরক্ষক), শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার, মোহাম্মদ শহিদ।