পানছড়িতে ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতাকে গুলি

খাগড়াছড়ির পানছড়িতে নাজির হোসেন (৩৫) নামে যুবলীগ নেতা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক ৭টার দিকে পানছড়ি বাজারের একটি চায়ের দোকানের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

আহত নাজির পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।

এ ঘটনার জন্য প্রসীত খীসার ইউপিডিএফকে দায়ী করেছে উপজেলা আওয়ামী লীগ।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আহত নাজির হোসেনকে খাগড়াছড়িতে প্রেরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে নাজির হোসেনের বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়া বলেন, এ ঘটনায় প্রসীত খীসার ইউপিডিএফ জড়িত। তাদের সঙ্গে বেশ কয়েকজন বাঙালিও জড়িত থাকতে পারে।

তিনি অভিযোগ করে বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে আমাদের ওপর হামলার কথা বলে আসছিল। আজ আমার ভাইয়ের ওপর হামলা করল।’

তবে অভিযোগ অস্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক ইউপিডিএফ-এর এক নেতা বলেন, এঘটনার সঙ্গে ইউপিডিএফ জড়িত নয়।