মাঝে-মধ্যে গোসল না করাই স্বাস্থ্যের জন্য ভালো

শীত-গ্রীষ্ম, ঠান্ডা-গরম বলে কিছু নেই, অনেকেই ভাবেন স্বাস্থ্যরক্ষায়  প্রতিদিনই গোসল করা করতে হবে। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে- মাঝে মধ্যে গোসল না করাটাই বরং স্বাস্থ্যের জন্য ভালো।

আট হোক কিংবা আশি, শীতের দিন গোসলের পানিকে ভয় পান না এমন মানুষ বিরল। আর শীতকাতুরে হলে তো কথাই নেই।

শীতকালে গোসল করার কথা চিন্তা করলেই যাদের হাড়ে কাঁপন লাগা শুরু হয়, তাদের মুখে হাসি ফোটাতে পারে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির এক গবেষণার ফলাফল। গবেষকরা জানান, নিয়মিত গোসল না করাটাই বরং স্বাস্থ্যের জন্য ভালো।

মূলত প্রতিদিনের ময়লা, ঘাম ধুয়ে শরীর পরিষ্কার রাখতেই আমরা গোসল করে থাকি। তবে বোস্টন ইউনিভার্সিটির ওই গবেষকদের মতে- শরীরের ময়লা, ঘাম ধোয়ার সঙ্গে গোসলের কোনো সম্পর্ক নেই। বরং প্রতিদিন গোসলের ফলে ত্বকের বেশ ক্ষতি হতে পারে।

একাধিক মার্কিন চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন গোসল করা একটা সামাজিক রীতি বা অভ্যাস। শরীর তার নিজস্ব প্রক্রিয়াতেই ত্বককে ময়লা হওয়ার হাত থেকে রক্ষা করে।

বোস্টন ইউনিভার্সিটির গবেষকরা জানান, শরীরে এমন কিছু ভালো ব্যাকটেরিয়া জন্মায় যা টক্সিনের হাত থেকে ত্বককে রক্ষা করে। প্রতিদিন গোসলের ফলে ভালো ব্যাকটেরিয়াগুলো শরীর থেকে ধুয়ে বেরিয়ে যায়। আর তাতে শরীরেরই ক্ষতি হয়। এ ছাড়াও মার্কিন গবেষকদের মতে, গোসলের সময় নখ অতিরিক্ত জল শোষণ করে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।

তবে তাই বলে একেবারে গোসল বন্ধ করার পক্ষেও কোনো যুক্তি দেখাননি তারা।