এমপিদের শপথ অসাংবিধানিক দাবি করে আইনি নোটিস

দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ সংসদের নির্বাচিত সদস্যদের শপথগ্রহণকে অসাংবিধানিক দাবি করে স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদের পক্ষে রেজিস্ট্রি ডাকযোগে সংশ্লিষ্টদের নোটিসটি পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। আগামী ১৩ জানুয়ারির মধ্যে নোটিসের জবাব না পেলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে এতে বলা হয়েছে।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ ভেঙে দিয়ে পুনরায় সংসদ সদস্যদের শপথ করানোর বিধান রয়েছে। কিন্তু এ নিয়মটি প্রতিপালন না করেই গত ৩ জানুয়ারি সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়েছে; যা বেআইনি ও অসাংবিধানিক।’ তিনি আরও বলেন, ‘২৮ জানুয়ারি দশম সংসদের মেয়াদ শেষ হবে। ওই সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল।’

গত ৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিজয়ী সদস্যরা গত ৩ জানুয়ারি শপথ নেন। তবে বিএনপিপ্রধান বিরোধী রাজনৈতিক মোর্চা ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সাতজন শপথ নেননি। গত সোমবার বিকেলে শেখ হাসিনা সরকারের নতুন মন্ত্রিসভার ৪৬ সদস্য শপথ নেন।