আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জোটের কোনো শর্ত ছিল না যে, তাদের মন্ত্রী করতেই হবে। গতকাল মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে নতুন মন্ত্রিসভায় ১৪ দলীয় জোটের কেউ না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের সাংবাদিকদের আরও বলেন, ১৪ দল আমাদের দুঃসময়ের শরিক। তারা অতীতে ছিলেন, ভবিষ্যতে থাকবেন না সে কথা তো আমরা বলতে পারছি না।
এর আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সাংবাদিকদের প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, জোটে কোনো টানাপোড়েন নেই। মন্ত্রিসভা রদবদল হবে। জোট করার অর্থ এই নয় যে, আমরা শর্ত দিয়েছি যে, মন্ত্রী করতেই হবে। তিনি বলেন, দল ও মন্ত্রিত্বের আলাদা আলাদা সত্তা আছে। আমি মনে করি না, বাদের কোনো ব্যাপার আছে। এখানে বাদের কোনো ব্যাপার নেই, কাজের রূপান্তর হয়েছে মাত্র। মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক লোকই নির্বাচিত করেছেন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ঠিক মানুষকে ঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন। জনস্বার্থকে প্রাধান্য দিয়েছেন। আমরা সিদ্ধান্ত নেব এবং জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করব। আমরা আমাদের যেটা ফোকাস, আমরা জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেব, কাজ করব, সেটাই অঙ্গীকার।