ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ যানজটে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। মঙ্গলবার রাতে থেকে মেঘনা-গোমতী সেতু এলাকায় এ যানজটের সৃষ্টি হয়।
বুধবার সকালে তীব্রতা আরও বেড়ে মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার ঢাকামুখী অংশে যানজট প্রকট আকার ধারণ করেছে।
রাত থেকে দাউদকান্দি হাইওয়ে ও মডেল থানা পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।
জানা গেছে, মেঘনা সেতুর পূর্ব দিকে সড়কের নির্মাণকাজ করায় এবং নির্বাচনের পর যানবাহনের চাপ বাড়ায় মঙ্গলবার বিকেল থেকে এ যানজটের সৃষ্টি হয়।
রাতে তীব্রতা বেড়ে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রকট আকার ধারণ করলে যানজটে নাকাল হয় যানবাহন যাত্রীরা। মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে যানবাহন। গৌরীপুর বাস স্ট্যান্ড থেকে বুধবার সকালে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বাড়ি ফিরে দেখা যায়।
দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের এইচএসসি পরীক্ষার্থী শান্তা আক্তারসহ কয়েকজন বলেন, প্রায় দিনই যানজটের কারণে আমরা কলেজে যেতে পারি না। সামনে পরীক্ষা। অথচ যানজটের কারণে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করতে পারছি না।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, নির্বাচনের পর মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ আর মেঘনা সেতু এলাকায় নির্মাণকাজের জন্য মঙ্গলবার বিকেলে গোমতী সেতু পর্যন্ত যানজট ছিল। রাতে কিছুটা বেড়ে যায়। যানজট নিরসনে আমরা চেষ্টা করে যাচ্ছি।