প্রাক-যোগ্যতাপত্র পেল হোসেন্দী অর্থনৈতিক অঞ্চল

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলকে প্রাক-যোগ্যতাপত্র দিয়েছে। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ১০৮ একর জমিতে এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে । সম্ভাব্যতা যাচাই শেষে চূড়ান্ত লাইসেন্স দেওয়া হবে। এ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় প্রাথমিকভাবে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।

হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলকে নিজেদের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাক-  যোগ্যতাপত্র দেয় বেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। সিটি অর্থনৈতিক অঞ্চলের চেয়ারম্যান ফজলুর রহমান, হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলের  চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমানসহ বেজার কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।      

 হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলের উদ্যোক্তাদের শিপ বিল্ডিংসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের অভিজ্ঞতা রয়েছে। এই অর্থনৈতিক অঞ্চলে  সিমেন্ট, সল্ট অ্যান্ড কেমিক্যালস, শিপ বিল্ডিং এবং সিরামিক পণ্য খাতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য সামনে রেখে টেকসই ও পরিবেশবান্ধব শিল্পকারখানা গড়ে তুলতে উদ্যোক্তারা পরিকল্পনা করছেন।

প্রাকযোগ্যতাপত্র প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী  সিটি গ্রুপকে অভিনন্দন জানিয়ে বলেন, অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সাড়া পাওয়া যাচ্ছে। এরই মধ্যে ৭টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের  লাইসেন্সদেওয়া হয়েছে। তিনি আরও জানান যে, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের জন্য অর্থনৈতিক অঞ্চলসমূহে ইউনিট ইনভেস্টরদের গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ সব ধরনের ইউটিলিটি সুবিধা প্রদানের জন্য সরকারি বিভিন্ন সংস্থা কাজ করছে।    

তিনি বলেন, সিটি গ্রুপ এর আগেও তাদের অঙ্গীকার বাস্তবায়ন করে দ্রুত উৎপাদন শুরু করেছে। আগের মতোই প্রতিষ্ঠানটি তাদের সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ ও উৎপাদন শুরু করে কর্মসংস্থানের সুযোগকে বিস্তৃত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।