আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের উন্নতি দেখে মুগ্ধ শোয়েব মালিক। পাকিস্তানের সাবেক অধিনায়ক প্রতিবারের মতো খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। তার ধারণা সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ একদিন বিশ্বের সেরা দল হয়ে উঠবে। কিন্তু নিজেদের মাটিতে ছাড়াও বাংলাদেশ যেভাবে বিদেশে উন্নতি করেছে তাই আলাদা করে চোখ কেড়েছে শোয়েবের।
সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দুই ম্যাচ খেলে ফেলেছেন শোয়েব। ৩৬ বছরের ক্রিকেটার এখনো সাফল্য পাননি। তবে গতকাল মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের পর বাংলাদেশের
আন্তর্জাতিক ক্রিকেটের প্রসঙ্গ আসতেই উচ্ছ্বসিত শোয়েব, ‘সব সংস্করণ বিচার করলে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি দেখবেন। ক্রিকেটের সঠিক পথে থাকাই আসল ব্যাপার।’ শোয়েব বলে চলেন, ‘বিশ্বের সেরা দল হয়ে উঠতে অবশ্যই সময় লাগবে। এখানে যে দলই আসে তাদের সংগ্রাম করতে দেখি। এমনকি বিদেশেও বাংলাদেশ দলকে শক্তিশালী লাগছে। বিদেশেও অনেক উন্নতি করেছে তারা। আর এটাই বাংলাদেশের ক্রিকেটের জন্য অসাধারণ ইঙ্গিত।’
সীমিত সংস্করণের ক্রিকেটে এখনো খেলছেন শোয়েব। তার ইচ্ছা আরও দুটি বিশ্বকাপ খেলে অবসরে যাওয়ার, ‘এখন পর্যন্ত লক্ষ্য ২০১৯ বিশ্বকাপ খেলা। তারপর ৫০ ওভারের ক্রিকেট শেষ। টি-টোয়েন্টির ২০২০ বিশ্বকাপ আমি খেলতে চাই। দেখি কী হয়।’