কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আব্দুর রশিদ (৪৭) ও আবুল কালাম (৩৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় এলজি এবং ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।
বুধবার দিবাগত রাত দুইটার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাফ নদীর খুরেরমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ প্রকাশ ডাইল্যা টেকনাফের সাবরাং ইউনিয়নের কচুবুনিয়া এলাকার মৃত এনাম শরীফের ছেলে এবং আবুল কালাম একই ইউনিয়নের কাটা বনিয়ার আব্দুর রহমানের ছেলে। এরা দুইজনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।
পুলিশ জানায়, এই ঘটনায় পুলিশের টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ, কনস্টেবল হৃদয়সহ তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, গোপনে খবর পেয়ে মাদক উদ্ধারের জন্য টেকনাফ থানার পুলিশের একটি টিম রাতে অভিযানে নামে। এ সময় রাত আনুমানিক দুইটার দিকে টেকনাফ খুরেরমুখ এলাকায় পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়েই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইয়াবা ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ, ৫টি দেশীয় অস্ত্র ও ২২ হাজার ইয়াবা উদ্ধার করে।
ওসি আরও জানান, নিহতরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। এদের মধ্যে আবুল কালামের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক, মানব পাচারসহ ১০টি এবং আব্দুর রশিদের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।
নিহতদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।