সরকারি হিসাব অনুযায়ী, গত ১৭ বছরে সাড়ে ৭০ হাজার সড়ক দুর্ঘটনায় অর্ধলক্ষাধিক মানুষ নিহত হয়েছে। আহতের সংখ্যা আরো বেশি। অন্যদিকে বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে প্রতি ১০ হাজার যানবাহনে মৃত্যুর হার ৮৫ দশমিক ৬। এর বাইরে বেসরকারি পরিসংখ্যান মতে, দুর্ঘটনার প্রকৃত চিত্র যেমন অনেক বেশি তেমন বেশি হতাহতের হারও। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইনের আধুনিকীকরণ, ট্রাফিক পুলিশের দায়িত্ব ও কর্তব্য পালনে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো বন্ধ করতে হবে। ভুয়া লাইসেন্সধারী ব্যক্তি গাড়ি চালাতে পারবে না, আমাদের দেশের চলমান আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চালকরা অসতর্কতা ও বেপরোয়াভাবে গাড়ি চালায় যা দুর্ঘটনার অন্যতম কারণ। তাই যাতে কেউ আইন অমান্য করে বেপরোয়াভাবে গাড়ি না চালায়, সেজন্য যেমন সচেতনতা বৃদ্ধির প্রয়োজন তেমনি প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ। আমাদের পুলিশ প্রশাসনকে সড়কপথে নিয়মিত অভিযান চালাতে হবে। প্রয়োজনে আইন অমান্যকারীকে শাস্তি বা জরিমানা করতে হবে দল-মত নির্বিশেষে।