পোশাকশিল্পে আন্দোলন মজুরির তিনটি গ্রেড সমন্বয় হবে

পোশাকশিল্পের ন্যূনতম মজুরিকাঠামোর ৩, ৪ ও ৫ নম্বর গ্রেড সমন্বয়ের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব আফরোজা খান। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গঠিত মজুরি পর্যালোচনা কমিটির প্রথম সভা শেষে সচিব এ কথা জানান।

শ্রমসচিব বলেন, ‘গ্রেড নিয়ে একটু ইয়ে আছে, কোনো গ্রেডে কমেছে, কোনো গ্রেডে বেড়েছে।  আমরা দেখতে পেয়েছি, সাতটি গ্রেডের মধ্যে ১ ও ২ সম্পর্কে উনাদের মন্তব্য হচ্ছে, সেখানে কোনো সমস্যা নেই। ৬ ও ৭

নম্বর গ্রেডেও কোনো সমস্যা নেই। শুধু ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডে একটু অবজারভেশন আছে, সেটা আমলে নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘এখানে যেহেতু ক্যালকুলেশনের (হিসাব-নিকাশ) ব্যাপার আছে, সেজন্য আরও গভীরভাবে পর্যালোচনার জন্য আরও ছোট পরিসরে আগামী রোববার বসে সেটার সমাধান খুঁজে বের করব।  কোথায়, কীভাবে করলে সেই সমন্বয়টা আমরা করতে পারি, যাতে এই সমস্যা সমাধান হয়।’

সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে শ্রমিক বিক্ষোভের প্রসঙ্গ টেনে সচিব বলেন, ‘আমাদের কাছে তথ্য উঠে এসেছে, আমাদের ধারণা ছিল শুধু মজুরি-বৈষম্যের কারণে এই শ্রমিক আন্দোলন বা বিক্ষোভ শুরু হয়েছে। আমরা দেখেছি, সেই মজুরির বাইরেও অনেক ইস্যু এসেছে। সেগুলো মজুরি কম বা মজুরি সমন্বয়ের বাইরে আছে।’ তিনি আরও বলেন, ‘কোনো কারখানায় ঘোষিত ন্যূনতম মজুরির চেয়েও বেশি দেওয়া হয়েছে, সেই ফ্যাক্টরিও ভাঙচুর হয়েছে। এখানে খুবই সতর্কতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করার বিষয় আছে।’

শ্রমিক নেতাদের উদ্দেশে আফরোজা খান বলেন, ‘শ্রমিক নেতৃবৃন্দকে বলব, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।  আমাদের অর্থনীতির মূল যে গার্মেন্টস সেক্টর, সেই সেক্টরকে কোনোক্রমেই ধ্বংসের দিকে যেতে দিতে চাই না।  যদি কোনো দুষ্টচক্র থেকে থাকে, আমরা তাদের যেকোনো মূল্যে প্রতিহত করব।’

মজুরি সমন্বয়ের প্রক্রিয়া নিয়ে শ্রম সচিব বলেন, ‘মজুরি কীভাবে সমন্বয় করা হবে, সেই নির্দেশনা গেজেটে দেওয়া আছে। আমার মনে হয়, ফ্যাক্টরির মিড লেভেলে যারা মজুরি দেওয়ার বিষয়ে কাজ করছেন, মালিকদেরও অনুরোধ জানাব, তারা এই বিষয়টি ভালোভাবে একটু দেখবেন, যাতে ভুল-বোঝাবুঝি না হয়।’