সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল আগামী সপ্তাহে

আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি আরও বলেন, মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে সারা দেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে।

ইসি সচিব জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন অনুসারে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে এবার আওয়ামী লীগ ৪৩, জাতীয় পার্টি চার, ঐক্যফ্রন্ট এক এবং স্বতন্ত্র ও অন্যান্য দল মিলে দুটি আসন পাবে। প্রবাসীদের ভোটার করার বিষয়ে সচিব বলেন, ‘আগামী এপ্রিল মাস থেকে প্রবাসীদের ভোটার করার কাজ শুরু করা হবে। এ ক্ষেত্রে প্রথমে পাইলট প্রকল্প হিসেবে সিঙ্গাপুরে যেসব বাংলাদেশিরা থাকেন তাদের ভোটার করা হবে। পাঁচ-সাত দিনের মধ্যে তাদের ভোটার করতে একটি টিম সিঙ্গাপুরে যাবে।’ এরপর দুবাইতে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি।