চট্টগ্রামে ঘুষের ৬ লাখ টাকাসহ কাস্টমস কর্মকর্তা আটক

চট্টগ্রামের ঘুষের ৬ লাখ টাকাসহ নাজিম উদ্দিন নামে এক কাস্টমস কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার বিকেলে কাস্টম হাউসে নিজ কক্ষ থেকে তাকে আটক করা হয়।

দুদক সূত্র জানায়, সমুদ্রগামী একটি জাহাজের ছাড়পত্র দেওয়ার জন্য ঘুষ লেনদেনের অভিযোগ পেয়ে দুদকের একটি দল বেলা ১১টার দিকে কাস্টমস হাউস যায়। সেখানে তারা কাস্টমস-এর রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিনের কক্ষে গিয়ে নথি পরীক্ষা করে শিপিং এজেন্টের লোকজনের কাছ থেকে ঘুষ গ্রহণের প্রমাণ পান। এ সময় তারা টাকা ফেরত দেওয়ার জন্য ওই কাস্টমস কর্মকর্তাকে চাপ দিলেও তিনি ঘুষ নেয়ার বিষয়টি অস্বীকার করেন। দুদক কর্মকর্তারা তখন চলে যান।

বিকেল সাড়ে চারটায় আবার তারা ওই কাস্টমস কর্মকর্তার কক্ষে যান। তারা কক্ষে থাকা আলমারিতে তল্লাশি চালিয়ে ঘুষের ৬ লাখ টাকা উদ্ধার এবং নাজিম উদ্দিনকে আটক করেন। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুদক কর্মকর্তারা কাস্টমস হাউসে অবস্থান করছিলেন।

দুদক চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মাহবুবুল আলম ঘটনার বিষয়ে সাংবাদিকদের জানান, সকালে জাহাজ কোম্পানির লোকজন দুদকের হটলাইন নম্বরে (১০৬) ফোন করে কাস্টমস কর্মকর্তার ঘুষ নেওয়ার বিষয়ে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে দুদকের চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল অভিযান চালিয়ে ঘুষের ৬ লাখ টাকাসহ রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিনকে আটক করেন।