বিএনপিকে নির্মূল করতে মরিয়া সরকার : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নানা অপকৌশলের আশ্রয় নিয়ে বিএনপিকে নির্মূল করতে মরিয়া হয়ে উঠেছে।  গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘জনবিচ্ছিন্ন আওয়ামী সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নির্মূল করে একদলীয় দুঃশাসনকে দীর্ঘায়িত করতে চায়। এ জন্য নেতাকর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও ভিত্তিহীন মামলা দায়েরের মাধ্যমে তাদের কারাগারে পুরে রাখছে। মূলত শাসকগোষ্ঠী বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়ে বিএনপিকে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে।

একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজকে কারাগারে পাঠানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন মামলায় গত বুধবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত। সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই তার জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।’ বিবৃতিতে অবিলম্বে ফিরোজের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।