বোনকে সম্পত্তি দেওয়ায় মা-বাবাকে পিটিয়ে ঘরে আগুন দিল দুই ছেলে

ভোলার বোরহানউদ্দিনে মা-বাবা ও বোনকে নির্যাতন করে ঘরে আগুন দিয়েছে দুই ছেলে। শুক্রবার সকালে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ১নং ওয়ার্ডের এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মা-বাবাসহ চারজনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, দুই ভাইয়ের হামলায় মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ বাধা দিতে আসলে তাদের ওপর চড়াও হয় তারা।

ওই পরিবারের বড় ছেলে কালাম জানান, তার বাবা অহিদ হাজি সম্পত্তির বোনদের অংশ ভাগবাটোয়ারা করে দেন। এতে ক্ষিপ্ত হয় অপর দুই ভাই আল-আমিন ও কামাল।

তিনি জানান, শুক্রবার সকালে আল-আমিন ও কামাল ঢাকা থেকে এসে মা সুফিয়া খাতুন, বাবা অহিদ হাজি, বোন নাছিমা বেগম ও বোনের ছেলে হামিমকে মারধর করতে থাকে। একপর্যায়ে ঘরের স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুটে নিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় তারা।

এ ঘটনায় দোষী আল-আমিন ও কামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) অসীম কুমার ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।