ভারতের পশ্চিমবঙ্গে গত ৫ জানুয়ারি শুরু হয়েছে ‘যোধপুর পার্ক উৎসব ২০১৯’। দশ দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। এই উৎসবের চেয়ারম্যান প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। প্রতিদিন এই উৎসবে অংশ নিচ্ছেন ভারতের বিখ্যাত সংগীতশিল্পীরা।
তারমধ্যে আছে আশা ভোসলে, শ্রেয়া ঘোষালের মতো হেভিওয়েট শিল্পীরা। উৎসবের ষষ্ঠ দিন অর্থাৎ ১০ জানুয়ারি পালন করা হয় ‘বাংলাদেশ দিবস’। এতে অংশ নেন বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পী। তাদের মধ্যে আঁখি আলমগীর মঞ্চ মাতান তার নিজের গান দিয়ে। রবীন্দ্রসংগীতের ডালি খোলেন অনিমা রায় ও স্বপ্নীল সজীব। আঁখির সঙ্গেও মঞ্চ শেয়ার করেন স্বপ্নীল। ক্লোজআপ তারকা নিশিতা বড়–য়ার কণ্ঠে পুরনো দিনের আধুনিক গান, ব্যান্ডের গান, ফোক গানও দর্শকদের আনন্দ দেয়। প্রত্যেক শিল্পীকেই সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে সেদিনের রাতটি যেন বাংলাদেশের গানের মেলা বসেছিল তালতলা মাঠে।
এদিকে, ওই অনুষ্ঠান শেষে স্বামী বিবেকানন্দের জন্মতিথির শুভলগ্নে বিবেক যুব উৎসবে অংশ নেন শিল্পী স্বপ্নীল সজীব। গতকাল শুক্রবার জানুয়ারি সন্ধ্যায় হাওড়ায় পালিত হয় এই উৎসব।