সংরক্ষিত নারী আসনে সুনামগঞ্জে পুরাতন মুখ থাকছেন না নতুন মুখ আসছেন, এ নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের আগ্রহের শেষ নেই। সংসদ সদস্য হওয়ার জন্য জোর লবিং চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।
সংরক্ষিত নারী আসনে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রতিনিধিত্ব করছেন সামছুন নাহার বেগম (শাহানা রব্বানী)। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানা এবারও সংরক্ষিত নারী আসনের সাংসদ হওয়ার দৌড়ে আছেন। সর্বশেষ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন তিনি। তার অনুসারীদের দাবি, গত পাঁচ বছরে শাহানার বিরুদ্ধে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ ছিল না।
একাদশ জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার ও গণসংযোগের মাধ্যমে আলোচনায় এসেছেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা। ভদ্র ও সজ্জন নেত্রী হিসেবে তিনি এরই মধ্যে নেতাকর্মীদের মনে জায়গা করে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সংরক্ষিত নারী আসনের সাংসদ করার দাবি তুলেছেন নেতাকর্মীরা। হুসনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের স্ত্রী। সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা) আসনে এবার মনোনয়নপ্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগ নেত্রী শামীমা শাহরিয়ার। মনোনয়ন না পেলেও দলীয় প্রার্থীর পক্ষে প্রচার চালিয়েছেন বিরামহীন। দলীয় সভানেত্রী শেখ হাসিনা নতুন মুখ মনোনয়ন দিলে ভাগ্য খুলতে পারে শামীমা শাহরিয়ারের। সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হওয়ার দৌড়ে আলোচনায় আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আবদুস সামাদ আজাদের পুত্রবধূ মুমতাহিনা ঋতু। ঋতুর স্বামী জেলা আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ ডন সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। অনুসারীরা মনে করছেন, ডন মনোনয়নবঞ্চিত হওয়ায় তার স্ত্রী ঋতু মনোনয়ন পেতে পারেন।
সুনামগঞ্জের এই চার নারী নেত্রীর প্রত্যেকেই এবার সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার ব্যাপারে আশাবাদী। হাওরাঞ্চলের নারীশিক্ষা ও মাতৃস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে তারা ভূমিকা রাখতে চান।
সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাঠাগারের সহসভাপতি আবু সুফিয়ান সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নারীকে সংরক্ষিত আসনের সাংসদ হিসেবে দেখতে চান। নিজ জেলা থেকে সংসদে একজন নারী প্রতিনিধি দেওয়ার দাবি জানান তিনি।