সাংবাদিকদের শিল্পমন্ত্রী বিএনপি রাজনৈতিক দলই নয়

বিএনপিকে কোনো রাজনৈতিক দল মনে করেন না উল্লেখ করে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘তারা একেক সময় একেকভাবে আবির্ভূত হয় শুধু আওয়ামী লীগের বিরোধিতার জন্য। তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে।’ গতকাল শুক্রবার দুপুরে নরসিংদী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নির্বাচনে জনগণের একটি বৃহৎ অংশের নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। তাই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণ করা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের কর্মপরিকল্পনা সাজিয়ে রেখেছি; সেই হিসেবে সকল উন্নয়ন বাস্তবায়ন হবে।’

নির্বাচনী এলাকা নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) তথা শিল্পসমৃদ্ধ নরসিংদী জেলা নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এলাকার যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করব। নরসিংদীতে সার কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কিছু শিল্পকারখানা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। তা বাস্তবায়নে কাজ করে যাব।’

মন্ত্রী হওয়ার পর প্রথম নরসিংদী পৌঁছলে সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে জেলা ও পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, সাংবাদিক, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহাম্মেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া, পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক, বেলাব উপজেলা আওয়ামী লীগ সভাপতি শমসের জামান ভূঁইয়া রিটন, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, জেলা যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ সাহা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এরপর শিল্পমন্ত্রী মনোহরদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।