সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপের দাবি হাস্যকর। ৩০ ডিসেম্বরের নির্বাচন আন্তর্জাতিক বিশ্ব, ভারতসহ গণতান্ত্রিক দেশগুলো এমনকি পাকিস্তান পর্যন্ত
স্বীকৃতি দিয়েছে। আজকের দুনিয়ার ডেমোক্র্যাটিক জাতিগুলো, সব গণতান্ত্রিক দেশই বাংলাদেশের নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে, প্রশংসা করেছে, সমাদৃত হয়েছে।’ গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ফ্লাইওভার নির্মাণকাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, সড়কগুলোকে অবৈধ দখলমুক্ত করব। নোটিস দিয়ে সারা দেশে কাজটি শুরু হবে, আমি আজকেই নির্দেশ দিয়েছি। এ ছাড়া অবৈধ পার্কিংয়ের ব্যাপারে হাইওয়ে পুলিশ ও পুলিশকে বলা হয়েছে। অবৈধ পার্কিং কোনোভাবেই অ্যালাউ করা হবে না। এ দুটো বিষয়ে আমরা যদি সফল হতে পারি, তাহলে সড়কে-পরিবহনে শৃঙ্খলা অনেকটাই ফিরে আসবে।’
নতুন বছরে শেখ হাসিনা সরকারের নবযাত্রায় জনগণকে স্বস্তি দিতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি হয়ে পড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকারের যে অগ্রাধিকার সেটা হচ্ছে সড়কে চলাচল করা পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। সেজন্য আমি ইতোমধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি, সাত দিনের নোটিস দিয়ে সড়ক-মহাসড়ক অবৈধ দখলমুক্ত করতে হবে।’
কাদের আরও বলেন, ‘চন্দ্রা ও কোনাবাড়ি ফ্লাইওভারের কাজ প্রায় শেষ। আশা করছি মাস দুয়েকের মধ্যে প্রধানমন্ত্রী এ ফ্লাইওভার দুটি উদ্বোধন করবেন এবং যানবাহন চলাচলের জন্য দুটি ফ্লাইওভার উন্মুক্ত করে দেওয়া হবে। এ ছাড়া গাজীপুর-এলেঙ্গা ফোর লেন প্রজেক্টের কাজ জুনের মধ্যে শেষ হবে।’
এ সময় সড়ক ও সেতুমন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী মো. সাইফ উদ্দিনসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।