শ্রমিক নেতাকে মেরে হাসপাতালে পাঠালেন যুবলীগ নেতা

আশুলিয়ায় এসবি নিটিং লিমিটেড কারখানার শ্রমিক ইউনিয়নের সভাপতি অপারেটর মুরাদ সরকারকে (২৪) মেরে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিক নেতাকে বাইপাইল এলাকার এশিয়ান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়েছে।

মঈনুল ইসলাম ভূঁইয়া শ্রমিকদেরকে জোর করে কাজ করতে বাধ্য না করায় মুরাদকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে মঈনুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন মুরাদ জানায়, এসবি নিটিং লিমিটেড কারখানায় চার বছর ধরে অপারেটর হিসেবে কাজ করছেন। বর্তমান তিনি ওই কারখানার শ্রমিক ইউনিয়নের সভাপতি। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা মজুরি বৈষম্যর অভিযোগ তুলে কারখানার ভেতরে কাজ বন্ধ্ রেখে কর্মবিরতি পালন করে। এসময় পার্শ্ববর্তী সাফ নিটিং লিমিটেড কারখানার শ্রমিকরা আমাদের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করলে সবাই বের হয়ে চলে যায়।

এ ঘটনায় কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা শিহাব মাইকে ঘোষণা দিয়ে আন্দোলনকারী শ্রমিকদের কাজে ফেরানোর নির্দেশ দেন। এসময় এসবি নিটিং লিমিটেড কারখানার শ্রমিক ইউনিয়নের সভাপতি অপারেটর মুরাদ সরকার মালিক পক্ষকে মজুরি কাঠামো পূর্ণগঠনের ঘোষণা দিতে বলেন।

বিকেলের দিকে মুরাদ বগাবাড়ি এলাকায় নিজের ডিশ অফিসে বসে থাকা অবস্থায় আশুলিয়া থানা যুবলীগ নেতা মঈনুল ইসলাম ভূঁইয়ার ড্রাইভার তার কলার ধরে টেনে নিয়ে যায়। পরে তারা লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এরপর তার ক্ষত স্থানে ব্যথা নাশক স্প্রে করে এবং ঔষধ খাইয়ে বিষয়ে কাউকে না জানানোর হুমকি দেয়।

আহত শ্রমিক নেতার স্ত্রী অভিযোগ করেন, যুবলীগ নেতা ওই কারখানায় ঝুট ব্যবসা করেন। এ কারণে তার স্বামী শ্রমিক আন্দোলন করাচ্ছে এমন মিথ্যে অভিযোগ তুলে রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে।

জানতে চাইলে অভিযুক্ত আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য মঈনুল ইসলাম ভূঁইয়া মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, তাকে ডেকে নিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাভার-ধামরাই এলাকার সভাপতি ইব্রাহিম বলেন, শ্রমিক যদি কোন অন্যায় করে থাকে কারখানা কর্তৃপক্ষ তার বিচার করবেন। কিন্তু ঝুট ব্যবসায়ী কেন শ্রমিককে রড দিয়ে পেটাবে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গহন করা হবে।