জিম ইয়ং কিম পদত্যাগপত্র দেওয়ার পর নতুন প্রেসিডেন্ট খুঁজছে বিশ্বব্যাংক। নতুন প্রেসিডেন্টের সন্ধানে সংস্থাটির ডিন ও চেয়ারম্যানের দায়িত্বে থাকা ড. মির্জা হাসানের নেতৃত্বে নির্বাহী পরিচালকরা ৯ জানুয়ারি বৈঠক করেছেন। তারা মেধারভিত্তিতে ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী ১ ফেব্রুয়ারি কিম প্রেসিডেন্টের পদ ছেড়ে চলে যাবেন।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করার সিদ্ধান্ত হয়েছে নির্বাহী পরিচালকদের বৈঠকে।
তবে আবেদনকারীদের ভবিষ্যত চিন্তাধারা সম্পর্কে প্রাজ্ঞ হতে হবে, টেকসই উন্নয়নের স্বার্থে টেকসই অর্থায়নে অভিজ্ঞ হতে হবে। তাকে নেতৃত্ব দেওয়ার প্রমাণিত অতীত রেকর্ড থাকতে হবে।
সরকারি খাতের সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বড় সংস্থা পরিচালনার অভিজ্ঞতাও থাকতে হবে। বিশ্বব্যাংক গ্রুপের উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে।
বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে আগ্রহীদের মধ্যে যাদের কার্যকর কূটনৈতিক যোগাযোগের দক্ষতা, প্রেসিডেন্ট পদে থেকে নিরপেক্ষভাবে কাজ করার সক্ষমতা রয়েছে তারা দরখাস্ত করতে পারবেন।
আগ্রহীরা ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই বিশ্বব্যাংকের সদস্য রাষ্ট্রের নাগরিক হতে হবে।
নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী, দরখাস্তগুলো থেকে তিনটি নাম বাছাই করে প্রকাশ করবেন নির্বাহী পরিচালকরা। আগামী বসন্তকালীন সম্মেলনে তাদের সাক্ষাৎকার নেবেন তারা। তারপরেই চূড়ান্ত প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।