রাজধানীর মগবাজার রেললাইনের ওপর বিকল হয়ে যাওয়া একটি ট্রাক পরপর দুটি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে। গতকাল শনিবার ভোরের এ ঘটনায় পাঁচ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। এতে কেউ হতাহত হয়নি।
কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার জানান, দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকটি সরিয়ে নেওয়ার পর দুপুর ১২টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। এতে কারও দায়িত্বে অবহেলা ছিল কি না জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো সদুত্তর দিতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার দিকে মগবাজার রেলগেট পার হওয়ার সময় ট্রাকটির ইঞ্জিন বিকল হয়ে যায়। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও এটি সচল করা সম্ভব হয়নি। পরে চালক রেললাইনে রেখেই ট্রাক থেকে নেমে যায়। ওই সময় সিলেট থেকে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রাকটিকে ধাক্কা দিয়ে কমলাপুরের দিকে নিয়ে যায়। ট্রেনের ধাক্কায় ট্রাকটি রেললাইনের মাঝখানে চলে যায়। এর পরপরই কমলাপুর থেকে জামালপুরগামী বলাকা এক্সপ্রেস আবার ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
এ ঘটনার পর ঢাকামুখী সব ট্রেন বিমানবন্দর, জয়দেবপুর ও টঙ্গীতে আটকে ছিল। তবে এক লাইন খোলা থাকায় ঢাকা থেকে কয়েকটি ট্রেন দেরিতে ছেড়ে গিয়েছিল। পারাবত, সুন্দরবন, সোনার বাংলা, তুরাগ-১, কালিয়াকৈর কমিউটার-১, দেওয়ানগঞ্জ কমিউটার, এগারোসিন্দুর, তিস্তা, মহানগর প্রভাতী, মহুয়া, কর্ণফুলী এক্সপ্রেস কমলাপুর স্টেশন থেকে দেরিতে ছেড়েছে।