এরশাদ এখনো প্রধানমন্ত্রীর বিশেষ দূত

একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এখন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত নন। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দেওয়া তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে এখনো বিশেষ দূত হিসেবে এরশাদের নাম রয়েছে! 

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, ৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের নিয়োগের অবসান করেছেন।’

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৪ সালের ১২ জানুয়ারি এইচ এম এরশাদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি মন্ত্রীর সমমর্যাদায় ছিলেন।

গত ৬ জানুয়ারি হুইল চেয়ারে করে সংসদ ভবনে গিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন এরশাদ। এরপর স্পিকারের কাছে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে তিনি একাদশ সংসদের বিরোধীদলীয় নেতা এবং ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যান জিএম কাদের হন বিরোধীদলীয় উপনেতা।