ঝিনাইদহে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

ঝিনাইদহ শহরে ট্রাক চাপায় ইমরান হোসেন মোল্লা (১৩) নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার সকালে সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে ইমরান সাইকেলযোগে বাড়ি থেকে আলহেরা ইসলামী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে আসছিল।

পথে বাইপাস মোড়ে পৌঁছালে ঝিনাইদহ থেকে যশোরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় পৌনে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের চালককে গ্রেপ্তারের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। এ ঘটনায় ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে।