আগামী বৃহস্পতিবার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রণালয় পরিদর্শন শুরু করছেন। ওই দিন তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিদর্শন করবেন এবং ২৩ জানুয়ারি বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করবেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী পররাষ্ট্র, সেতু, বিদ্যুৎসহ কয়েকটি মন্ত্রণালয় পরিদর্শন করবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব জানান।
জানা গেছে, গতকাল রোববার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিয়ে আলোচনা করেন।
সচিব এই প্রতিবেদককে বলেছেন, আগামী ২৩ জানুয়ারি জনপ্রশাসন, ১৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ২০ জানুয়ারি আরেকটি মন্ত্রণালয়ে পরিদর্শনে আসবেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এর আগেও মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে তিনি বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থাকেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আরও বলেছেন, এবার সংসদ অধিবেশন বসার আগে মন্ত্রিসভার বৈঠক নাও হতে পারে। সে কারণেই আজ সোমবার বৈঠক হচ্ছে না। তবে সবকিছুই নির্ভর করে প্রধানমন্ত্রীর ওপর।