পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে মায়েদের সম্মান জানাতে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় আঙিনায় সোমবার সকালে সমবেত ৮০০ মায়ের পা ধুয়ে সম্মান জানায় সেখানকার শিক্ষার্থী সন্তানেরা।
এই অনুষ্ঠানে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজির স্ত্রী খাদিজা আক্তার খুশবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মা সমাবেশে ৮০০ শিক্ষার্থীর মা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিদ্যালয়ের সম্মুখে সবুজ চত্বরে ৮০০ মাকে বসিয়ে শিক্ষার্থী সন্তানরা তাদের পা ধুয়ে সম্মান জানায় । এ সময় সকল মায়েরা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। ব্যতিক্রমী এ আয়োজন স্থলে এক অন্যরকম আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান এর সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, একাডেমিক সুপারভাইজার মো. রুহুল আমীন, থানার উপপরিদর্শক শাহনাজ পারভীন, যুব মহিলা নেত্রী হাসিনা শামীমা সুলিতানা রোজি ও সাংবাদিক ইসরাত জাহান মমতাজ প্রমুখ।