মেট্রোরেল প্রকল্পের আগারগাঁও থেকে কারওয়ান বাজার (প্যাকেজ-৫) এবং নড়াইলের মধুমতী নদীর ওপর ৬৯০ মিটার দীর্ঘ কালনা সেতু নির্মাণে ব্যবহৃত হবে বসুন্ধরা সিমেন্ট। এ দু’টি নির্মাণ প্রকল্প বাস্তবায়নে প্রায় দুই লাখ টন সিমেন্ট সরবরাহ করবে বসুন্ধরা গ্রুপ। এজন্য বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের সঙ্গে নির্মাণ প্রকল্প দু’টির ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্কেন-আব্দুল মোনেম লিমিটেড-এবেনিক্কো জয়েন্ট ভেঞ্চার ও টেক্কেন-আব্দুল মোনেম লিমিটেড-ওয়াইবিসি জয়েন্ট ভেঞ্চারের মধ্যে রবিবার আলাদা দু’টি চুক্তি হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে আব্দুল মোনেম লিমিটেডের কার্যালয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, আব্দুল মোনেম লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মোনেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় মেট্রোরেল প্রকল্পের প্যাকেজ-৫ এর ব্যবস্থাপক তিসুয়োসি নিশিমুরা, কালনা সেতু প্রকল্পের উপব্যবস্থাপক হিরোমি টোকেনোচি উপস্থিত ছিলেন।
নতুন চুক্তি অনুযায়ী আগারগাঁও থেকে কাওরান বাজার পর্যন্ত মেট্রোরেল নির্মাণে দেড় লাখ টন সিমেন্ট দেবে বসসুন্ধরা গ্রুপ। আর কালনা সেতুতে ৫০ হাজার টন সিমেন্ট সরবরাহ করবে বসুন্ধরা।
বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর বলেন, আব্দুল মোনেম লিমিটেড ও বসুন্ধরা গ্রুপ একই পরিবার। আমি প্রকল্পগুলোর সাফল্য কামনা করছি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপ, আব্দুল মোনেম লিমিটেড ও টেক্কেন করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।