মধ্যপাড়া পাথরখনিতে উৎপাদন বেশি বিক্রি কম

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলাখনি থেকে গত বছর ১১ লাখ ৬৫ হাজার ৯৬৬ টন পাথর উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।

খনি সূত্রে জানা গেছে, পাথর উত্তোলন বাড়লেও বিক্রি আশানুরূপ বাড়েনি। গত বছর পাথর বিক্রি হয়েছে ৭ লাখ ৩৩ হাজার ২২ টন।  গত রবিবার পর্যন্ত খনির ১১টি ইয়ার্ডে বিভিন্ন আকারের পাথর মজুদ ছিল ৪ লাখ ২০ হাজার টন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জিটিসি দৈনিক প্রায় ৫ হাজার টন পাথর উৎপাদন করছে। তবে বিক্রি কমছে। খনি কর্তৃপক্ষকে পাথর পরিবহনে লোড নির্ধারণ করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ফলে অতিরিক্ত পাথর পরিবহনের অনুমতি পাচ্ছেন না ব্যবসায়ীরা। পরিবহন খরচও বাড়ছে। অন্যদিকে, আমদানিকৃত পাথর ওভারলোড (অতিরিক্ত) নিয়ে পরিবহন করতে পারছেন ব্যবসায়ীরা। এতে তাদের পরিবহন খরচ কমে যাচ্ছে। তাই তারা খনির চেয়ে আমদানি পাথরের প্রতি আগ্রহী হচ্ছেন। এ বিষয়ে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) যাবেদ চৌধুরী বলেন, উৎপাদন ভালো হচ্ছে। কিন্তু বিক্রি আশানুরূপ নয়। তবে দেশের উন্নয়নমূলক কাজে পাথরের চাহিদা ও বিক্রি বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সেই সঙ্গে সরকারের নিয়ম অনুয়ায়ী লোড ক্যাপাসিটি অনুসরণ করা হচ্ছে বলে তিনি জানান।