বলিউডের অন্যতম নির্মাতা রাজকুমার হিরানির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর বলিউডে নতুন মাত্রা পেল হ্যাশট্যাগ মিটু আন্দোলন। এক নারী প্রযোজক বিধু বিনোদ চোপড়া ও তার স্ত্রী লেখিকা অনুপমা চোপড়াকে ই-মেইলে লিখেছেন, ‘স্যার, এ ধরনের ঘটনা ঘটেছিল শুধু ক্ষমতায়নের জন্য। উনি একজন ক্ষমতাবান ব্যক্তি, আর আমি নেহাতই সহকারী মাত্র। আমি পুরো বিষয়টি কখনো আপনার কাছে মুখে ব্যক্ত করতে পারতাম না। এক রাতে আমার মন ও শরীর পুরোটাই দূষিত হয়ে উঠেছিল। যার জের চলেছিল টানা ৬ মাস ধরে।’ এরপর থেকে বিধু বিনোদ চোপড়ার সঙ্গে রাজকুমার হিরানির ত্রিশ বছরের বন্ধুত্ব আর অবশিষ্ট নেই। তবে রাজকুমার হিরানির আইনজীবী আনন্দ দেশাই জানিয়েছেন, ‘পুরো অভিযোগটাই মিথ্যা, অপমানজনক, ফাঁসানোর জন্যই এমন অভিযোগ আনা হয়েছে।’
দুঃসময়ে ‘থ্রি ইডিয়টস’ পরিচালকের পাশে দাঁড়ালেন অভিনেত্রী অমর দীপ ঝাঁ। তিনি বলেন, ‘আমি হতবাক, বিশ্বাস করতে পারছি না। ওনার মতো মানুষ যাকে আমি অনেক কাছ থেকে চিনি। সিনেমার সেটে উনি একজন দেবদূতের মতো। উনি সিনেমার সেটে সকলের সঙ্গে সমান ব্যবহার করেন। সিনেমার শ্যুটিং করতে গিয়ে ওর সঙ্গে সব সময়ই কথা হতো, তবে যেটা শুনছি বিশ্বাস হচ্ছে না। ওনার সম্পর্কে আমি এমনটা স্বপ্নেও ভাবতে পারি না।’ অমর দীপ হিরানির পিকে, থ্রি ইডিয়টসের মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন।
এর আগে আলোক নাথ, নানা পাটেকর, অনু মালিক, রজত কাপুর, সাজিদ খান, বিকাশ বেহেল, কৈলাশ খের, বিবেক অগ্নিহোত্রীসহ বলিউডের কয়েকজনের নাম উঠেছে মিটুর তালিকায়।