ড. কামালের বিবৃতি

আহমদ শফীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

চট্টগ্রামের হাটহাজারীতে মাহফিলে দেওয়া হেফাজতের আমির আহমদ শফীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। একই সঙ্গে আহমদ শফীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন আহমদ শফীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

তিনি। গতকাল সোমবার গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আহমদ শফীর বক্তব্য নারীবিদ্বেষী, স্বাধীনতার চেতনাবিরোধী ও সংবিধানবিরোধী। এই ফতোয়াবাজ ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’

বিবৃতিতে আরও বলা হয়, আহমদ শফী ধর্মের অপব্যাখ্যা করে মনগড়া ফতোয়া দিয়ে দেশ ও সমাজকে আলো থেকে অন্ধকারে নিতে চান।  আহমদ শফীর নারী শিক্ষাবিরোধী ফতোয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

গত শুক্রবার হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ১১৮তম বার্ষিক মাহফিলে মাদ্রাসার পরিচালক শফী চার দফা ওয়াদা করান। এর মধ্যে মেয়েদেরকে স্কুল-কলেজে না দিতে এবং দিলেও সর্বোচ্চ ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়ানোর জন্য ওয়াদা নিয়েছেন আহমদ শফী।

আহমদ শফীর একটি অডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে শফী বলেন, ‘আপনাদের মেয়েরা আপনাদের মেয়েরা.. ইশকুল-কলেজে দিবেন না। বেশির থেকে বেশি ক্লাস ফোর ক্লাস ফাইভ পর্যন্ত পড়াইতে পারবেন। বিবাহ দিলে স্বামীর টাকা পয়সা, এগুলা হিসাব রাইখতে হবে, উনার কাছে চিঠি লিখতে হবে, স্বামীর কাছে।

‘আর বেশি যদি পড়ান, পত্রপত্রিকায় দেখতেছেন আপনারা ওই মাইয়া, ক্লাস এইট, নাইন, টেন, এমএ, বিএ এইগুলা পইড়লে, ওইটা কিছুদিন পরে আপনার মেয়ে থাইকবে না। অন্য কেহ নিয়ে যাবে।’