২০ দিন আটকে রেখে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরের কালিয়া ইউনিয়নে ২০ দিন আটকে রেখে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের মামলার পর গত রবিবার রাতে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাদের টাঙ্গাইল আদালতে নেওয়া হলে বিচারক একজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৪ ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছে ওই ছাত্রী। গ্রেপ্তারকৃতরা হলো মজিবর রহমান (৪২) ও তার স্ত্রী আমেনা বেগম।

গতকাল রাতে সখীপুর থানার ওসি আমির হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘ওই ছাত্রীকে উদ্ধার করা যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে। আশা করি তাকে দ্রত উদ্ধার করা সম্ভব হবে।’

ওসি আরও জানান, রবিবার রাতে মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মজিবরসহ দুজনকে গ্রেপ্তার করে। গতকাল আসামিদের হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাইলে মজিবরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওই ছাত্রীর মা বলেন, ‘অভিযুক্ত মজিবর প্রতিবেশী হওয়ায় আমার মেয়েকে তার প্রবাসী ছেলের বউ করার জন্য নানাভাবে প্রস্তাব দেয়। এতে রাজি না হয়ে তাকে জানানো হয়েছিল, মেয়েকে আরও পড়াশোনা করিয়ে উচ্চশিক্ষিত করাব। তবে মজিবর আমার মেয়ের সর্বনাশ করেছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’

মামলা সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর ওই ছাত্রী উপজেলার কালিয়া বাজারে কেনাকাটার জন্য গেলে নিখোঁজ হয়। মজিবর সেখান থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়।