নাটোরের সিংড়ার আওয়ামী লীগ নেতা মোর্শেদুল ইসলামের বাম পা কেটে অপর পা ভেঙে দেওয়ার মূল অভিযুক্ত একই দলের সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত থাকার অভিযোগে ঘটনার নয় দিন পর তাকে বহিষ্কার করা হলো।
সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজ্জামেল হক মোজা ও সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মজিদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য আধিপত্য বিস্তার নিয়ে বামিহাল গ্রামের স্থানীয় আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন ও সাবেক ইউপি সদস্য ফরিদ উদ্দিন পক্ষের মোর্শেদুল ইসলামের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৬ জানুয়ারি রবিবার সকালে বামিহাল বাজারে প্রকাশ্যে জনসম্মুখে মোর্শেদুলের ডান পা ভেঙে দিয়ে বাম পা কেটে নিয়ে যায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন।