দৌলতপুর সীমান্তে প্রতিপক্ষের হামলায় নিহত ১

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের মহিষকুন্ডি পাঠপাড়া গ্রামে ফসল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কাবুল হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছে।

মঙ্গলবার রাত ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।  নিহত কাবুল হোসেন মাঠপাড়া গ্রামের মৃত আব্দুল হানিফের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দু’দিন পূর্বে মাঠের ফসল কাটাকে কেন্দ্র করে কাবুল হোসেনের সঙ্গে স্থানীয় নজু কারিগরের ছেলে নাজমুলের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর জের ধরে নাজমুলকে মারধর করে নিহত কাবুল।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত ৭টার দিকে নাজমুল তার সহযোগী ফড়ং, নয়ন, জয়েন, বাবুল ও সনিরুলদের সাথে করে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ কাবুলকে ধরে স্থানীয় রমজান মোল্লার বাড়ির পেছনে নিয়ে গিয়ে উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাত করে ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন কাবুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি (তদন্ত) আজগর হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি তবে সন্দেহভাজনদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।