ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী আবদুন নূর সজল। বর্তমানে খ-নাটক নিয়ে ব্যস্ত আছেন। সম্প্রতি মুম্বাইয়ে একটি টেলিভিশন কমার্শিয়ালের শ্যুটিং করে এসেছেন। প্রস্তুতি নিচ্ছেন বড় পর্দায় ফেরার। বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
বিটিভির নাটকে ...
গতকাল বিটিভিতে শ্যুটিং করেছি। ‘হাতচিঠি’ শিরোনামের এই নাটকটি বিটিভিতেই প্রচার হবে। এটি লিখেছেন আখতারুজ্জামান, পরিচালনা করেছেন রুমা। আমার বিপরীতে আছেন তানজিন তিশা। এ ছাড়া রয়েছেন ফারজানা ছবি, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ প্রমুখ। গুণী এই অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করতে সব সময় অন্যরকম ভালোলাগা কাজ করে। এই নাটকের গল্পটাও বেশ চমৎকার। একটা সময় ছিল মানুষ চিঠির মাধ্যমে যোগাযোগ রক্ষা করত। তখন চিঠির লেখককে না দেখে শুধু চিঠির লেখনীতে মুগ্ধ হয়েই অনেক ছেলেমেয়ে প্রেমে পড়ে যেত। নিষ্পাপ সেসব প্রেম সব সময় সুখকর হতো না। তেমনি একটি গল্পের নাটক এটি।
নতুন বছরে আরও চুজি ...
কয়েক বছর ধরে আমি ধীরে ধীরে কাজের পরিমাণ কমিয়ে দিয়েছি। কারণ গড়পড়তা কাজ করলে কাজের মান ঠিক থাকে না। তবে এ বছর আমি আরও চুজি হব চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রে। আমার গ-ির বাইরে কিছু করে দেখাতে চাই। ওই যে বললাম, নিজের ইমেজ ভাঙতে চাই। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ফরিদপুরে শ্যুটিং করেছি সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘কাল নিতুর বিয়ে’ নামের একটি নাটক। এতে আমার চরিত্র ছিল গাড়ি চোর।
ট্যাক্সিচালকের চরিত্রে ...
সম্প্রতি ‘নাকফুল’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছি। শফিকুর রহমান শান্তনুর রচনায় এই নাটকটি নির্মাণ করেছেন স্বপন বিশ্বাস। এতে ট্যাক্সিক্যাব চালকের চরিত্রে অভিনয় করেছি। আর গার্মেন্টকর্মীর চরিত্রে অভিনয় করছেন শবনম ফারিয়া। এই নাটকটির গল্প সত্যিই দারুণ। এমন গল্পে কাজ করে তৃপ্তি পাওয়া যায়।
মুম্বাইয়ে টিভিসি ...
এ মাসের গোড়ার দিকেই ভারতের মুম্বাইয়ে গিয়েছিলাম একটি বিজ্ঞাপনের শ্যুটিং করতে। এটি একটি দেশি ব্র্যান্ডের শেভিং ক্রিমের টিভিসি। পুরো টিম ছিল মুম্বাইয়ের। তাদের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। আশা করছি দর্শক এতে আমাকে নতুনভাবে দেখবেন।
অন্য ব্যস্ততা ...
কয়েক বছর ধরে রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত আছি। সেখানে আমাকে বেশ সময় দিতে হয়। তাই ধারাবাহিক নাটকের অনেক লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিতে হচ্ছে। শুধু বেছে বেছে খ-নাটকই করছি। এ ছাড়া অচিরেই বড়পর্দায় কাজের খবর দেব। আমি মিডিয়ায় জনপ্রিয়তা পাই একটি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করে। তবে গত ১৪-১৫ বছর আর কোনো টিভি অনুষ্ঠান করিনি। তবে ইচ্ছা আছে এ বছরই একটি অনুষ্ঠান উপস্থাপনা করার।