এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক

দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেছেন, দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ফলে মাথাপিছু আয় বাড়ছে। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, গত মাসের হিসাব অনুযায়ী, মানুষের মাথাপিছু আয় বেড়ে হয়েছে এক হাজার ৮১০ ডলার। দেশের কল্যাণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) এসব তথ্যসহ সব শুমারির তথ্য প্রতিনিয়ত আপডেট করতে হবে।

গতকাল বুধবার বিবিএস অডিটরিয়ামে এসডিজি ট্র্যাকারবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটুআই ও বিবিএস যৌথ উদ্যোগে এই কর্মশালা আয়োজন করে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রধান সুদীপ্ত মুখার্জি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক কৃষ্ণা গায়েন, এটুআই প্রকল্পের পরিচালক মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আবুল কালাম আজাদ বলেন, ‘সঠিক ও আপডেট ডাটা দিতে পারলে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও জনগণের উন্নয়ন সম্ভব। এ জন্য আপডেট ডাটা দিয়ে সব মন্ত্রণালয়কে সহযোগিতা করতে হবে। তাহলে উন্নয়নের গতি ঠিক রেখে ২০৪১ সালের অনেক আগেই আমরা উন্নত দেশের কাতারে পৌঁছাতে পারব।’

কর্মশালায় জানানো হয়, প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ সফলভবে বাস্তবায়ন করা হলে এসডিজির অনেক কিছুই অর্জন সম্ভব হবে। আমাদের দেশের আয় বৈষম্য কমাতে হবে। জাতিসংঘ ঘোষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয় এবং এই অর্জন সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। এমডিজির মতো টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনেও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এ ছাড়া এসডিজি ট্র্যাকারের মাধ্যমে এই অভীষ্ট অর্জনের অগ্রগতি তদারকি করা হবে।