সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত ৩

বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার তিনজন নিহত হয়েছে। এর মধ্যে সকালে চট্টগ্রাম নগরীতে কাভার্ড ভ্যান চাপায় কলেজ ছাত্রী ও পাবনার চাটমোহরে এক বৃদ্ধ নিহত হয়েছে।  বাগেরহাটের রামপালে দাঁড়ানো এক ট্রাককে ধাক্কা মেরে আরেক ট্রাকের চালকের সহকারী নিহত হয়। এ ঘটনায় চালকও গুরুতর আহত হয়। বিস্তারিত আমাদের আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : নগরীর কোতোয়ালি থানার মোড়ে কাভার্ড ভ্যানের চাপায় গতকাল বুধবার সকালে সোমা বড়–য়া নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তিনি সরকারি সিটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ও শহরের চান্দগাঁও এলাকার রূপায়ণ বড়–য়ার মেয়ে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান সোমা বড়–য়া। ঘাতক কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে।

পাবনা : জেলার চাটমোহরে মহিষ চুরি করে পলায়নরত চোরের দলকে ধরার চেষ্টাকালে কাভার্ডভ্যানের চাপায় একজন মারা গেছে। গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রামনগর ঘাট এলাকায় চোরদের ধরতে গিয়ে রামনগর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে আলহাজ রব্বান আলী (৬৫) নিহত হন।

বাগেরহাট : জেলার রামপালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে চলন্ত একটি ট্রাক ধাক্কা দিলে চলন্ত ট্রাকের সহকারী আব্দুর রহিম (১৭) নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বলাকৈড় গ্রামের শান্ত মোল্লার ছেলে। এসময় ট্রাকচালক শামীম শেখ (৩০) আহত হন। গতকাল বুধবার সকালে খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার কদমদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাটাখালী থানার উপপরিদর্শক (এসআই) মলায়েন্দ্রনাথ জানান, গোপালগঞ্জ থেকে মংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসা প্লাস্টিকের ব্যারেল বোঝাই ট্রাকটি মহাসড়কের কদমদী এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে চালকের সহকারী আব্দুর রহিম ঘটনাস্থলেই মারা যান। পুলিশের ধারণা, ট্রাকচালকের অসাবধানতার কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে।